Bhajana-rahasya Introduction (Bengali & English)

রহস্যের প্রাগ্বন্ধ

শ্রীভজন-রহস্য গ্রন্থখানি শ্রীমদ্ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের সঙ্কলিত। তিনি স্বীয় ভজন প্রকারের কতিপয় ইঙ্গিত গ্রন্থাকারে তদনুগভজনশীলের নিদর্শন-স্বরূপে প্রদর্শন করিয়াছেন। এই অকিঞ্চন কয়েক বর্ষ পূর্ব্বে তাঁহাকে নিরন্তর এইরূপ শ্লোকোচ্চারণ ও তদাস্বাদন-মুখে ভগবৎপ্রেমে বিহ্বলিত সন্দর্শন করিয়াছে।

কনিষ্ঠাধারগত নিষ্ঠায় ভক্তিরাজ্যে অর্চনের ব্যবস্থা আছে। অর্চ্চন ও ভজন শব্দদ্বয়ে যে বৈশিষ্ট্য বিরাজমান, তাহা অনেকে অনুধাবন না করিয়া অর্চ্চন শব্দে ভজনকে নির্দেশ করেন। নবধা ভক্তিমূলে ভজন সম্ভাবিত হইলেও অর্চ্চন তদন্তর্গত হওয়ায় উহাও ভজনাঙ্গ বলিয়া গৃহীত হয়। সমগ্র ভজন ও ভজনাঙ্গ একতাৎপর্য্যপর নহে। সম্ভ্রমজ্ঞান-সহ অর্ঘ্যের উপাসনায় অর্চ্চন সংশ্লিষ্ট। উপচারসহ প্রপঞ্চাগত বিচারে মর্য্যাদামূলে ভগবৎসেবা ‘অর্চ্চন’ নামে অভিহিত। বিশ্রন্তসেবায় গৌরব-জ্ঞানের প্রখর রশ্মি ক্ষীণপ্রভ প্রতীত হইলেও স্নিগ্ধ কমনীয় চন্দ্রিকালোকের মাধুর্য্যোৎকর্ষ কেহই অস্বীকার করিতে পারেন না। গ্রন্থের পরিশিষ্টাংশে সংক্ষিপ্ত অর্চ্চন-পদ্ধতি সংযুক্ত আছে। গ্রন্থ-শরীরে ভজনের গূঢ়ার্থ তাৎপর্য্য বিবৃত। অর্চ্চনে স্থূল ও সূক্ষ্ম শরীরগত সম্বন্ধ ন্যূনাধিক বিজড়িত, ভজনরাজ্যে স্থূল ও সূক্ষ্মাতীত শরীরী ভগবানে সাক্ষাদ্ভাবে সেবারত। সর্ব্বোপাধি-বিনির্মুক্ত ভজনশীলের ইন্দ্রিয়সমূহের প্রতীতিগত ভাব প্রাপঞ্চিকমাত্র নহে; তাহা ভাবনা-পথের অতীত অদ্বয়-জ্ঞানের সাক্ষাৎ সান্নিধ্যবশে কালাতীত হইয়া অতীন্দ্রিয় সেবাপর।

পরম শ্রদ্ধাবন্ত জনগণের জ্ঞাতব্য বিষয় গুরূপদিষ্ট বিশেষত্বই ‘রহস্য’ নামে অভিহিত। রসামৃতসিন্ধু গ্রন্থে সাধনভক্তির অঙ্গ-কথন-তালিকায় কৃষ্ণশিক্ষাপ্রাপ্ত তৃতীয় ভক্ত্যনুষ্ঠানকারি-বিশ্রব্ধসেবকের সেবাফলস্বরূপ সাধুবর্মানুবর্ত্তনই ভজনরহস্যযাজন। নিষ্কিঞ্চন ভগবদ্ভজনপরায়ণ সংসারমুক্ত হইয়া কৃষ্ণেতর-বাসনাবদ্ধ জনসঙ্গ বিমুক্ত হন। তখনই তাঁহার অষ্টকাল বা সর্ব্বকাল সেবা-প্রবৃত্তির উদয় হয়। সেবোন্মুখ শুদ্ধভক্ত ভোগী বা ত্যাগী বদ্ধ-অভক্তের সঙ্গ অভীষ্টলাভের অন্তরায় বলিয়া জানেন। তাদৃশ অন্যাভিলাষী, কর্মী বা জ্ঞানীর ভজন-রহস্যে রুচি নাই, সুতরাং অষ্টকাল চিদুদ্ভাসিত ভজনরাজ্যে প্রবিষ্ট হইবার যোগ্যতা না থাকায় এই গ্রন্থ তাঁহাদের নিরন্তর অত্যন্ত আদরের বস্তু হয় না।

অহর্নিশকাল আটভাগে বিভক্ত হইলে প্রত্যেক কালখণ্ডকে যাম বলে। নৈশকালে ত্রিযাম এবং দিবাভাগে ত্রিযাম, ইহার সহিত ঊষা ও সান্ধ্য-সম্মেলনে অষ্টযাম। সকল সময়ে সর্ব্বতোভাবে ঐকান্তিক নিষ্ঠাসহ কৃষ্ণভজন বৈষ্ণবেরই সম্ভব। ইতরাস্মিতায় সার্ব্বকালিক ভজন সম্ভবপর হয় না। হরিসম্বন্ধিবস্তুসমূহে প্রাকৃত বিচারের আরোপ করিলে জীবের বদ্ধভাব হইতে মুক্তি ঘটে না। লব্ধস্বরূপ ভজনপর বৈষ্ণবগণ নিরন্তর কৃষ্ণসেবন-পর শ্রীগৌরসুন্দরের শিক্ষাষ্টকের শ্লোকগুলি অষ্টযামোচিত। শ্রীরূপপাদের একাদশ শ্লোক ও তদনুগ সকল মহাজনের অষ্টকালবিহিত ভজনলালসাময়ী কবিতা ভজনের নৈরন্তর্য্য বিধান করে। জড়কাল-দেশ-পাত্রাদি বিমুক্ত হইয়াই শ্রীগুরুসেবকের শ্রীভজনরহস্য সর্ব্বদা আলোচ্য।

কানপুর
১৩ই নভেম্বর, ১৯২৭
শ্রীহরিজনকিঙ্কর দাস শ্রীসিদ্ধান্ত সরস্বতী

Introduction

Bhajana-rahasya was compiled by Śrīmad Bhaktivinoda Ṭhākura Mahāśaya. In this work, he presents certain indications concerning his own mode of bhajana as an exemplar for those who aspire to follow his path of bhajana. Several years ago, this destitute soul (akiñcana) repeatedly had the opportunity to witness him reciting such verses and savoring their import while becoming overwhelmed with prema for Bhagavān.

In the realm of bhakti, those situated in the initial stage of steadfastness (niṣṭhā) engage in arcana. Many fail to appreciate the distinction between the words arcana and bhajana, and consequently use the term arcana to refer to bhajana. Although bhajana encompasses the ninefold limbs of devotion (navadhā-bhakti), and arcana is therefore included among its limbs, bhajana itself is not synonymous with any one of its constituent practices.

Arcana is characterized by worship offered with reverential awareness (sambhrama-jñāna). Service to Bhagavān performed within the material sphere according to prescribed etiquette and accompanied by the appropriate ritual offerings is known as arcana. In intimate service (viśrambha-sevā), however, although the brilliant rays of reverential awareness appear subdued, no one can deny the surpassing sweetness of its gentle, soothing moonlight.

For this reason, a concise method of arcana has been appended to the end of this book, whereas the body of the work expounds the profound inner significance of bhajana. In arcana, one's relationship with Bhagavān remains connected, to varying degrees, with the gross and subtle bodies. In the realm of bhajana, however, the practitioner serves Bhagavān directly through a spiritual identity that transcends both the gross and subtle bodies. The senses of one who is devoted to bhajana and free from all material designations (sarvopādhi-vinirmukta) are not worldly; transcending the path of mundane contemplation, they become absorbed in service beyond the reach of material time through direct proximity to nondual realization (advaya-jñāna).

The subject known only to those possessed of profound faith and who have received specific instruction from Śrī Guru is called rahasya ("esoteric truth"). In Bhakti-rasāmṛta-sindhu, within the enumeration of the limbs of sādhana-bhakti, it is explained that the confidential practice of bhajana consists in following the conduct of the saintly devotees (sādhu-vartmānuvartana) as the natural fruit of rendering service as a faithful servant who has received Kṛṣṇa's teachings. This is the worship known as the rahasya of bhajana.

Those who are niṣkiñcana, wholly devoted to the bhajana of Bhagavān, become liberated from material existence and free themselves from the association of persons bound by desires unrelated to Kṛṣṇa. Only then does the aspiration to serve throughout all eight divisions of the day (aṣṭa-kāla), indeed at every moment, awaken within them. A pure devotee whose heart is turned toward service understands that the association of conditioned non-devotees, whether attached to worldly enjoyment or to renunciation, obstructs the attainment of the cherished goal. Those who remain motivated by ulterior desires, by fruitive action (karma), or by speculative knowledge (jñāna) have no taste for the confidential truths of bhajana. Therefore, being unqualified to enter the realm of bhajana, illumined by spiritual consciousness throughout the eight divisions of the day, they cannot truly cherish this book.

When the day and night are divided into eight parts, each division is called a yāma. The night comprises three yāmas, the day likewise comprises three yāmas, and together with the junctions of dawn and dusk, they constitute the eight yāmas. To engage in Kṛṣṇa-bhajana at every moment, in every circumstance, with exclusive and unwavering devotion, is possible only for a Vaiṣṇava. So long as one maintains any identity apart from that of Kṛṣṇa's servant, uninterrupted bhajana throughout all times is impossible.

As long as one superimposes mundane conceptions upon objects related to Hari, one cannot become free from conditioned existence. Vaiṣṇavas who have attained realization of their true spiritual identity remain constantly engaged in Kṛṣṇa's service. For them, the verses of Śrī Gaurasundara's Śikṣāṣṭaka are appropriate for meditation throughout the eight yāmas. Likewise, the eleven verses of Śrī Rūpa Gosvāmī and the devotional poems of all the great souls who follow him, expressing their longing for worship during the eight periods of the day, establish the principle of unceasing bhajana. Having become free from material considerations of time, place, and circumstance, the servant of Śrī Guru should always deliberate upon the confidential truths of Śrī Bhajana-rahasya.

Kanpur
13 November 1927

Śrī Harijana-kiṅkara Dāsa
Śrī Siddhānta Sarasvatī


নিবেদন

অস্মদীয় পরমারাধ্য শ্রীগুরুপাদপদ্ম নিত্যলীলাপ্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ ১০৮শ্রী শ্রীমদ্ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামি ঠাকুর লিখিত ‘রহস্যের প্রাগ্বন্ধ’ নামক মুখবন্ধ সহিত অস্মদীয় পরমারাধ্য পরাৎপর গুরুপাদপদ্ম নিত্যলীলাপ্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ অষ্টোত্তরশতশ্রী শ্রীশ্রীমৎ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠক্কুর সঙ্কলিত ‘শ্রীশ্রীভজনরহস্য’ গ্রন্থখানি তাঁহাদেরই অহৈতুকী কৃপায় শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের শ্রীচৈতন্যবাণী প্রেস হইতে প্রথম সংস্করণরূপে মুদ্রিত হইলেন। তন্নিজজন নিত্যলীলাপ্রবিষ্ট ত্রিদণ্ডিগোস্বামী শ্রীশ্রীমদ্ভক্তিদয়িত মাধব মহারাজ এই গ্রন্থখানি প্রত্যব্দ কার্ত্তিক মাসে শ্রীদামোদরব্রত পালনকালে পরমাদরের সহিত পাঠ ও ব্যাখ্যার আদর্শ প্রদর্শন করিয়া গিয়াছেন। অধুনাও নিয়মসেবাকালে তন্নিজজন বর্তমান শ্রীচৈতন্য গৌড়ীয় মঠাচার্য্য তৎপদাঙ্কানুসরণে এই গ্রন্থরত্ন সযত্নে অনুশীলনাদর্শ প্রদর্শন করিয়া থাকেন।

শ্রীশ্রীল ঠাকুর ভক্তিবিনোদ এই গ্রন্থখানিকে ‘শ্রীহরিনামচিন্তামণি’র অন্তর্গত বলিয়া জানাইয়াছেন। তৎপ্রণীত ‘শ্রীহরিনামচিন্তামণি’ গ্রন্থে যে শ্রীনামমাহাত্ম্য এবং শ্রীনাম, নামাভাস ও নামাপরাধবিচার প্রদর্শনমুখে নামভজন-প্রণালী বর্ণিত হইয়াছে, তদনুসরণে ভজন-প্রয়াসী ভাগ্যবান্ ভক্তই উক্ত শ্রীহরিনামচিন্তামণি গ্রন্থের পরিশিষ্ট স্বরূপে প্রকাশিত এই ‘ভজনরহস্য’ গ্রন্থোক্ত রহস্যে প্রবেশাধিকার লাভ করিতে পারেন। ‘রহস্য’ বলিতে গূঢ়তত্ত্ব। শ্রীনাম তাঁহার একান্ত আশ্রিত নিষ্কপট ভজন পরায়ণ ভক্তসমীপেই তাঁহার নিগূঢ় ভজন-রহস্য ব্যক্ত করিয়া থাকেন। শ্রীল ঠাকুর তাঁহার ‘শরণাগতি’ গীতিগ্রন্থে ‘কৃষ্ণনাম ধরে কত বল’ এই শ্রীনামকীর্ত্তন-মাহাত্ম্যসূচক পদাবলীতে অপূর্ধ্ব ভাবাবেশে নামপ্রেমে গদ্গদ হইয়া কীর্ত্তন করিয়াছেন—

প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম,
হেন বল করয়ে প্রকাশ।
দেখায় নিজরূপ গুণ, ঈষৎ বিকশি’ পুনঃ,
চিত্ত হরি’ লয় কৃষ্ণপাশ॥
পূর্ণ বিকশিত হঞা, ব্রজে মোরে যায় লঞা,
দেখায় নিজ স্বরূপবিলাস।
মোরে সিদ্ধ দেহ দিয়া, কৃষ্ণপাশে রাখে গিয়া,
এ দেহের করে সর্ব্বনাশ॥

শ্রীশ্রীল রূপ গোস্বামিপাদও তাঁহার ‘উপদেশামৃত’ গ্রন্থের ৭ম উপদেশে জানাইয়াছেন—‘যেরূপ পিত্তোপতপ্ত জিহ্বায় সুমিষ্ট মিশ্রিও রুচিপ্রদ হয় না, তদ্রূপ অনাদি কৃষ্ণবিমুখতাক্রমে অবিদ্যাগ্রস্ত জীবের কৃষ্ণনামচরিতাদিরূপ সুমিষ্ট রুচিপ্রদ মিশ্রিও ভাল লাগে না। কিন্তু যদি আহারের সহিত অর্থাৎ শ্রদ্ধান্বিত হইয়া সর্ব্বক্ষণ সেই কৃষ্ণনামচরিতাদিরূপ মিশ্রি সেবন করা হয়, তাহা হইলে ক্রমশঃ শ্রীকৃষ্ণনামাদিরূপ মিশ্রির আস্বাদন উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে এবং কৃষ্ণবহির্মুখবাসনারূপ জড়ভোগব্যাধি বিদূরিত হয়। —— সে সময় কৃষ্ণভজনই ভাল লাগে।’ (শ্রীল প্রভুপাদলিখিত অনুবৃত্তি দ্রষ্টব্য)

শ্রীনাম ভজনে জাতরুচি ভক্তেরই শ্রীরূপ ও তদনুগ গুরুবর্গকৃপায় উক্ত উপদেশামৃতের ৮ম শ্লোকোক্ত “ক্রমপন্থানুসারে কৃষ্ণভিন্ন অন্যরুচিপুর রসনাকে এবং কৃষ্ণভিন্ন অন্য চিন্তাপর মনকে সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের নাম-রূপ-গুণ-লীলার সম্যক্ কীর্ত্তনে এবং অনুক্ষণ স্মরণাদিতে নিযুক্ত করিয়া জাতরুচিক্রমে ব্রজে বাসপূর্ব্বক ব্রজবাসী জনের অনুগত হইয়া নিখিল কাল যাপন করিবে”—এই অখিল উপদেশসার অনুসরণের সৌভাগ্য উদিত হয়।

শ্রীশ্রীল রূপ গোস্বামিপাদ তৎপ্রণীত ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থের পূর্ব্ব-বিভাগ ৪র্থ প্রেমভক্তিলহরীতে ১৫-১৬ শ্লোকদ্বয়ে যে প্রেমভক্তিলাভের ক্রমপন্থা বর্ণন করিয়াছেন, শ্রীরূপানুগবর ঠাকুর শ্রীল ভক্তিবিনোদ তাঁহার এই ভজনরহস্য গ্রন্থে শ্রীমন্মহাপ্রভুর শ্রীমুখনিঃসৃত মহামন্ত্রের অষ্টযুগে সেই অষ্টঅর্থ যোজনা করতঃ দিবারাত্র মানের অষ্টযামে সেই অষ্ট অর্থ ভজনাদর্শ প্রদর্শন করিয়াছেন। ঠাকুর প্রতি যামের প্রথমেই শিক্ষাষ্টকের একটি শিক্ষাশ্লোক বহু মহাজনবাক্য স্মরণসহ আস্বাদন করতঃ শ্রীগোবিন্দলীলামৃতোক্ত অষ্টকালীয় লীলার শ্লোকাষ্টক কালোচিত ক্রমানুসারে আস্বাদন করিয়াছেন।

শ্রীশ্রীঠাকুর অষ্টযামের ভজন নিম্নলিখিত ক্রমে বিভাগ করিয়াছেন, যথা, (১) প্রথমযাম সাধন—নিশান্ত ভজন—শ্রদ্ধা (রাত্রের শেষ ছয় দণ্ড), (২) দ্বিতীয়যাম সাধন—প্রাতঃকালীন ভজন—সাধুসঙ্গে ভজনক্রিয়াফলে অনর্থ নিবৃত্তি (প্রথম ছয় দণ্ড), (৩) তৃতীয়যাম সাধন—পূর্ব্বাহ্ন কালীয় ভজন—নিষ্ঠা ভজন (ছয় দণ্ড বেলা হইতে দ্বিপ্রহর পর্য্যন্ত), (৪) চতুর্থযাম সাধন—মধ্যাহ্ন কালীয় ভজন—রুচিভজন (দ্বিপ্রহর হইতে সাড়ে তিনপ্রহর পর্য্যন্ত) (৫) পঞ্চমযাম সাধন—অপরাহ্ন কালীয় ভজন—কৃষ্ণাসক্তি (সাড়ে তিন প্রহর দিবস হইতে সন্ধ্যা পর্য্যন্ত), (৬) ষষ্ঠযাম সাধন—সায়ংকালীয় ভজন—ভাব (সন্ধ্যার পর ছয় দণ্ড), (৭) সপ্তমযাম সাধন—প্রদোষকালীয় ভজন—বিপ্রলম্ভ প্রেম (ছয় দণ্ড রাত্র হইতে মধ্যরাত্র পর্য্যন্ত) এবং (৮) অষ্টমযাম সাধন—সম্ভোগ প্রেম (মধ্যরাত্র হইতে সাড়ে তিন প্রহর পর্য্যন্ত)।

আমরা শ্রীমন্মহাপ্রভুর প্রিয়পার্ষদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদের শ্রীমুখবাক্য হইতে পাই—‘শ্রীভক্তিমার্গ ইহ কোটিকণ্টকরুদ্ধঃ’—বড়ই দুর্গম। সত্যই—শুদ্ধভক্তিরসজ্ঞ ভজনবিজ্ঞ ভক্তমহাজনের আনুগত্য হইতে ক্ষণমাত্র কালও বিচলিত হইলে এই মার্গে বিচরণকালে পদে পদে পদস্খলন অবশ্যম্ভাবী। ‘বিধিভক্ত্যে ব্রজভাব পাইতে নাহি শক্তি’ (চৈঃ চঃ আ ৩।১৫) এই উক্তি দেখিয়া অনেকেই কৃত্রিমভাবে রাগভক্তি অবলম্বন পূর্ব্বক প্রাকৃতমনে কৃত্রিম সিদ্ধদেহ চিন্তা করতঃ নিজেদের প্রাকৃতমনে গড়া ব্রজে বাসের অভিনয় করিতে গিয়া ভক্তিমার্গে নানাপ্রকার উৎপাত সৃষ্টি করিয়া বসেন। তাই শ্রীল ঠাকুর তাঁহার এই গ্রন্থরত্নের আদি হইতে অন্ত্য পর্য্যন্ত অষ্টকাল একান্তভাবে শ্রীচৈতন্যশিক্ষানুসরণে শ্রীনামানুগত্যেই ‘শ্রীগোবিন্দলীলানুস্মরণের’ মহতী শিক্ষা প্রদান করিয়াছেন। তিনি প্রেমভক্তিলাভের ভজন-ক্রম এমন সুন্দরভাবে সুকৌশলে বর্ণন করিয়াছেন যে, তদনুসরণে অনধিকারচর্চ্চার কোন অবকাশই থাকিতে পারে না। এজন্য আমরা লব্ধদীক্ষ ভজন প্রয়াসী প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণবসজ্জনকেই এই গ্রন্থখানি কণ্ঠহার করিবার জন্য প্রার্থনা জানাইতেছি।

এই গ্রন্থরত্নের কম্পোজাদি সেবাকার্য্যে শ্রীনিমাই দাস ব্রহ্মচারী এবং প্রুফ সংশোধন ও মুদ্রণাদি সেবাকার্য্যে শ্রীমৎ প্রেমময় ব্রহ্মচারীজীর আপ্রাণ উৎসাহ ও উদ্যম সবিশেষ প্রশংসার্হ।

আমরা সজ্জনসমাজে এই গ্রন্থরত্নের বহুল প্রচার আশা করি।

৭ আগষ্ট, ১৯৮৪
শ্রীহরি-গুরু-বৈষ্ণবদাসাভাস শ্রীভক্তিপ্রমোদ পুরী

Preface

By the causeless mercy of our most worshipful Śrī Guru-pāda-padma, the eternally perfected oṁ viṣṇupāda aṣṭottara-śata Śrī Śrīmad Bhaktisiddhānta Sarasvatī Gosvāmī Ṭhākura, this first edition of Śrī Śrī Bhajana-rahasya, compiled by our most worshipful, supremely exalted Gurupāda-padma, the eternally perfected oṁ viṣṇupāda aṣṭottara-śata Śrī Śrīmat Saccidānanda Bhaktivinoda Ṭhākura, together with the introductory foreword entitled Rahasyera Prāgbandha written by Śrīla Bhaktisiddhānta Sarasvatī Gosvāmī Ṭhākura, has been published by the Śrī Caitanya Vāṇī Press of Śrī Caitanya Gauḍīya Maṭha.

His intimate associate, the eternally perfected Tridaṇḍi Gosvāmī Śrī Śrīmad Bhaktidayita Mādhava Mahārāja, established the ideal of respectfully studying and explaining this book each year during the observance of Śrī Dāmodara-vrata in the month of Kārtika. Even today, during the period of niyama-sevā, his intimate associate, the present Ācārya of Śrī Caitanya Gauḍīya Maṭha, follows in his footsteps and continues to demonstrate the ideal of carefully studying this jewel among books.

Śrīla Bhaktivinoda Ṭhākura has stated that this book forms a part of Śrī Hari-nāma-cintāmaṇi. In Śrī Hari-nāma-cintāmaṇi, he describes the process of nāma-bhajana by first revealing the glories of the Holy Name and then presenting a deliberation on the Holy Name (nāma), the semblance of the Name (nāmābhāsa), and offenses to the Holy Name (nāmāparādha). By following that process, only a fortunate devotee who sincerely endeavors in bhajana becomes qualified to enter the confidential truths presented in this Bhajana-rahasya, which has been published as an appendix to Śrī Hari-nāma-cintāmaṇi.

The word rahasya means "confidential truth" (gūḍha-tattva). The Holy Name reveals the confidential mysteries of His own worship only to sincere devotees who have taken exclusive shelter of Him. In his songbook Śaraṇāgati, in the hymn beginning Kṛṣṇa-nāma dhare kata bala, which proclaims the glories of chanting the Holy Name, Śrīla Ṭhākura, overwhelmed with unprecedented spiritual ecstasy and his voice choked with love for the Holy Name, sang:

premera kalikā nāma, adbhuta rasera dhāma,
hena bala karaye prakāśa.
dekhāya nija-rūpa-guṇa, īṣat vikaśi' punaḥ,
citta hari' laya kṛṣṇa-pāśa.


The Holy Name is the bud of divine love (prema), the abode of wondrous rasa;
Such is the power He manifests.
Revealing His own form and qualities, and blossoming a little further,
He steals my heart and carries it to Kṛṣṇa.

pūrṇa vikaśita hañā, braje more yāya lañā,
dekhāya nija-svarūpa-vilāsa.
more siddha-deha diyā, kṛṣṇa-pāśe rākhe giyā,
e dehera kare sarva-nāśa.


Fully blossoming, He takes me to Vraja
And reveals His own svarūpa-vilāsa.
Bestowing upon me a perfected spiritual body (siddha-deha), He keeps me by Kṛṣṇa's side
And utterly destroys this material body.

Śrīla Rūpa Gosvāmīpāda also explains in the seventh instruction of Upadeśāmṛta:

Just as sweet rock candy is not pleasing to a tongue afflicted by jaundice, similarly, the sweet and relishable rock candy of Kṛṣṇa's name, character, and pastimes is not appealing to the conditioned soul, whose beginningless aversion to Kṛṣṇa has plunged him into ignorance. Yet if that rock candy of Kṛṣṇa's name, character, and pastimes is continually taken as one's nourishment, that is, with faith, then one's relish for the rock candy of Śrī Kṛṣṇa's name gradually increases more and more, and the disease of material enjoyment, which is the desire to remain turned away from Kṛṣṇa, is eradicated. At that time, Kṛṣṇa-bhajana alone becomes truly relishable. (See the Anuvṛtti written by Śrīla Prabhupāda.)

Only a devotee in whom genuine taste (jāta-ruci) for the bhajana of the Holy Name has awakened, by the mercy of Śrī Rūpa and the succession of spiritual masters following him, attains the good fortune of following the essence of all instructions given in the eighth verse of Upadeśāmṛta:

Following the progressive path, one should engage the tongue, which relishes things other than Kṛṣṇa, and the mind, which dwells upon thoughts unrelated to Kṛṣṇa, in the proper chanting and constant remembrance of the name, form, qualities, and pastimes of Śrī Kṛṣṇa, the son of the king of Vraja. As genuine taste gradually awakens, one should reside in Vraja and spend all one's time under the guidance of the residents of Vraja.

According to the progressive process for attaining prema-bhakti described by Śrīla Rūpa Gosvāmīpāda in verses 15-16 of the fourth wave, Prema-bhakti-laharī, of the Eastern Division of Bhakti-rasāmṛta-sindhu, Śrīla Bhaktivinoda Ṭhākura, the foremost follower of Śrī Rūpa, has, in this Bhajana-rahasya, assigned those eight meanings to the eight pairs of the Mahāmantra emanating from the lotus mouth of Śrīman Mahāprabhu, and thereby demonstrated the ideal of bhajana for those eight meanings throughout the eight yāmas of the day and night. At the beginning of each yāma, Śrīla Ṭhākura relishes one instructional verse from the Śikṣāṣṭaka while remembering the statements of many mahājanas, and then relishes the eight verses describing the aṣṭa-kālīya-līlā from Śrī Govinda-līlāmṛta according to the appropriate sequence of time.

Śrīla Ṭhākura has divided the bhajana of the eight yāmas in the following order:

  1. First yāma: Niśānta-bhajana. Śraddhā. (The last six daṇḍas of the night.)
  2. Second yāma: Prātaḥ-kālīya-bhajana. Anartha-nivṛtti, resulting from bhajana-kriyā in the association of devotees. (The first six daṇḍas.)
  3. Third yāma: Pūrvāhna-kālīya-bhajana. Niṣṭhā-bhajana. (From six daṇḍas of the day until noon.)
  4. Fourth yāma: Madhyāhna-kālīya-bhajana. Ruci-bhajana. (From noon until three and a half praharas.)
  5. Fifth yāma: Aparāhna-kālīya-bhajana. Kṛṣṇāsakti. (From three and a half praharas of the day until evening.)
  6. Sixth yāma: Sāyaṁ-kālīya-bhajana. Bhāva. (The first six daṇḍas after sunset.)
  7. Seventh yāma: Pradoṣa-kālīya-bhajana. Vipralambha-prema. (From six daṇḍas of the night until midnight.)
  8. Eighth yāma: Sambhoga-prema. (From midnight until three and a half praharas.)

We learn from the words emanating from the lotus mouth of Śrīman Mahāprabhu's dear associate, Śrīla Prabodhānanda Sarasvatīpāda:

śrī-bhakti-mārga iha koṭi-kaṇṭaka-ruddhaḥ

"The path of devotional service is obstructed by millions of thorns"; it is exceedingly difficult to traverse. Indeed, if one deviates for even a moment from the guidance of the great devotees who are conversant with pure devotional mellows and expert in bhajana, stumbling at every step while traversing this path is inevitable.

Seeing the statement, "vidhi-bhaktye vraja-bhāva pāite nāhi śakti" (Cc. Ādi 3.15), many artificially adopt rāga-bhakti. Imagining an artificial siddha-deha within their mundane minds, they attempt to enact residence in a Vraja fashioned by those same mundane minds, thereby creating various disturbances on the path of devotion. Therefore, throughout this jewel of a book, from beginning to end, Śrīla Ṭhākura has given the sublime instruction of remembering the pastimes of Śrī Govinda (śrī-govinda-līlānusmaraṇa) solely by following the teachings of Śrī Caitanya and under the guidance of the holy name throughout the eight periods of the day and night. He has described the progressive process of bhajana for attaining prema-bhakti so beautifully and skillfully that, by following it, there remains no opportunity whatsoever for unauthorized practice (anadhikāra-carcā). Therefore, we earnestly request every initiated Gauḍīya Vaiṣṇava aspiring for bhajana to wear this book as a necklace.

The wholehearted enthusiasm and endeavor of Śrī Nimāi Dāsa Brahmacārī in the service of composing and typesetting this jewel among books, and of Śrīmat Premamaya Brahmacārījī in the service of proofreading and printing, are especially praiseworthy.

We hope this jewel among books will be widely distributed throughout the community of devotees.

7 August 1984

Śrīhari-guru-vaiṣṇava-dāsābhāsa
Śrī Bhaktipramoda Purī


দ্বিতীয় সংস্করণ

‘ত্যক্তগৃহ সাধকের কর্ত্তব্য কি?’—শ্রীল রঘুনাথ দাস গোস্বামী কর্তৃক জিজ্ঞাসিত হইয়া শ্রীমন্মহাপ্রভুর উপদেশ—

‘গ্রাম্যকথা না শুনিবে, গ্রাম্যবার্ত্তা না কহিবে।
ভাল না খাইবে আর ভাল না পরিবে॥
অমানীমানদ হঞা কৃষ্ণনাম সদা লবে।
ব্রজে রাধাকৃষ্ণসেবা মানসে করিবে॥’

—শ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্য ষষ্ঠ পরিচ্ছেদ ২৩৬-২৩৭

‘স্ত্রী ও পুরুষ বিবাহিত হইয়া সন্তানাদি উৎপাদন করতঃ যে সংসার পত্তন করেন, সেই সংসার-সম্বন্ধে যত কথাবর্ত্তা, সকলই ‘গ্রাম্য’ কথাবর্ত্তা; তাহা কখনই বৈরাগী বা বৈষ্ণবের শ্রোতব্য বা বক্তব্য নয়। ভাল খাওয়া, ভাল পরা,—ইহাও বৈরাগীর উচিত নয়; পরের প্রতি সম্মান ও স্বয়ং অমানী হইয়া সর্বদা কৃষ্ণনাম করিবে এবং মানসে ব্রজে রাধাকৃষ্ণ সেবা করিবে,—ইহাই বৈরাগীর কৃত্য।

শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ‘শ্রীশ্রীভজনরহস্যের’ প্রাগ্বন্ধে লিখিয়াছেন—“নিষ্কিঞ্চন ভগবদ্-ভজন পরায়ণ সংসারমুক্ত হইয়া যাঁহারা কৃষ্ণের বাসনাবদ্ধ জনসঙ্গ হইতে বিমুক্ত হন, তাঁহাদেরই অষ্টকাল বা সর্ব্বকাল সেবা-প্রবৃত্তির উদয় হয়। সকল সময়ে সর্ব্বতোভাবে ঐকান্তিকনিষ্ঠাসহ কৃষ্ণ-ভজন বৈষ্ণবেরই সম্ভব। ইতরাস্মিতায় সার্ব্বকালিক ভজন সম্ভবপর হয় না। ... শ্রীগৌরসুন্দরের শিক্ষাষ্টকের শ্লোকগুলি অষ্টযামোচিত।”

শ্রীদামোদরব্রত— শ্রীকার্ত্তিকব্রত পালনকালে আমাদের গুরুবর্গ ‘শিক্ষাষ্টকের’ সহিত শ্রীগোবিন্দলীলামৃতোক্ত অষ্টকালীয় লীলাস্মরণের যে ব্যবস্থা দিয়াছেন তাহা ‘ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে’—তদ্বিষয়ের নির্দ্দেশক। অষ্টকালীয় লীলার সংস্কৃত শ্লোকের পাঠের সহিত শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের রচিত বঙ্গানুবাদ গীতিও পঠিত হয়। তথাপি সংস্কৃতভাষায় অনভিজ্ঞ ব্যক্তির বোধসৌকর্য্যার্থে এই সংস্করণে অষ্টকালীয় লীলার সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদও সংযোজিত হইল। শ্রীবিজনবিহারী গোস্বামী এম্-এ, কাব্য-ব্যাকরণ-বৈষ্ণবদর্শন-বেদান্ততীর্থ-ভাগবতশাস্ত্রী অষ্টকালীয় লীলার শ্লোকের বঙ্গানুবাদ লিখিয়া এবং ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিবারিধি পরিব্রাজক মহারাজ শ্রীশ্রীভজন-রহস্য গ্রন্থ পুনর্মুদ্রণের ব্যবস্থা করিয়া ব্রতপালনকারী ভক্তগণের আনন্দ বর্দ্ধন করিয়াছেন।

কোলকাতা
১ জুন, ১৯৯৬
বৈষ্ণবদাসানুদাস ভক্তিবল্লভ তীর্থ

Second Edition

When Śrīla Raghunātha dāsa Gosvāmī asked, "What are the duties of a renunciant?" Śrīman Mahāprabhu instructed him:

grāmya-kathā nā śunibe, grāmya-vārtā nā kahibe
bhāla nā khāibe āra bhāla nā paribe
amānī mānada hañā kṛṣṇa-nāma sadā labe
vraje rādhā-kṛṣṇa-sevā mānase karibe


"Do not listen to worldly talk, nor speak worldly topics. Do not eat luxurious food or wear fine clothing. Giving honor to all while expecting none for yourself, always chant Kṛṣṇa's name, and within your mind render service to Śrī Śrī Rādhā-Kṛṣṇa in Vraja."

Śrī Caitanya-caritāmṛta, Antya-līlā 6.236-237

The words "worldly talk" refer to all conversations concerning ordinary household life, in which men and women marry and establish families by begetting children. Such topics are never fit to be heard or discussed by a renunciant or a Vaiṣṇava. Likewise, indulging in fine food and elegant dress is not appropriate for one who has embraced renunciation. Rather, one should offer respect to everyone without expecting respect for oneself, constantly chant Kṛṣṇa's name, and mentally render service to Śrī Śrī Rādhā-Kṛṣṇa in Vraja. These are the proper duties of a renunciant.

In the introductory essay to Śrī Śrī Bhajana-rahasya, Śrīla Bhaktisiddhānta Sarasvatī Gosvāmī Ṭhākura writes:

"Only those destitute souls (akiñcanas) who are wholly dedicated to the worship of Bhagavān, who have become free from worldly bondage, and who have withdrawn from the association of persons bound by material desires for Kṛṣṇa's external energy, awaken the propensity to serve throughout the eight periods of the day (aṣṭa-kāla), indeed at every moment. Exclusive devotion to Kṛṣṇa at all times and in every respect is possible only for Vaiṣṇavas firmly established in one-pointed devotion. So long as one retains any other identification, uninterrupted bhajana cannot be attained. ... The verses of Śrī Gaurasundara's Śikṣāṣṭaka correspond to the eight yāmas."

During the observance of the sacred Dāmodara-vrata in the month of Kārtika, our predecessor spiritual masters prescribed the recitation of the Śikṣāṣṭaka together with remembrance of the eightfold daily pastimes (aṣṭa-kālīya-līlā) as described in Govinda-līlāmṛta. This practice serves as practical guidance for Mahāprabhu's instruction, "Within your mind render service to Śrī Śrī Rādhā-Kṛṣṇa in Vraja."

Along with the recitation of the Sanskrit verses describing the aṣṭa-kālīya-līlā, the Bengali poetic translations composed by Śrīla Bhaktivinoda Ṭhākura are also traditionally sung. However, for the benefit of readers who are not conversant with Sanskrit, this edition also includes Bengali prose translations of those Sanskrit verses.

By preparing these Bengali translations of the aṣṭa-kālīya-līlā verses, Śrī Bijana Bihārī Gosvāmī, M.A., Kāvya-Vyākaraṇa-Vaiṣṇava Darśana-Vedānta Tīrtha-Bhāgavata Śāstrī, and by arranging for the reprinting of Śrī Śrī Bhajana-rahasya, Tridaṇḍi Svāmī Śrīmad Bhaktibāridhi Parivrājaka Mahārāja have increased the joy of the devotees observing this sacred vow.

Kolkata
1 June 1996

Vaiṣṇava-dāsānudāsa
Bhakti Ballabha Tīrtha


Śrī Harināma-cintāmaṇi – Introduction

প্রবোধিনী কথা

এই গ্রন্থখানি সাধারণের পাঠ্য নয়। যাহাদের শ্রীচৈতন্যে দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে এবং নামাশ্রয়া ভক্তিতে শ্রদ্ধা হইয়াছে তাহারাই এই গ্রন্থ আলোচনার অধিকারী। সাধন ভক্তি যত প্রকার আছে তন্মধ্যে একমাত্র নামাশ্রয়েই সর্ব্বসিদ্ধি হয় এইরূপ যাঁহাদের বিশ্বাস তাঁহারা সর্ব্বোত্তম সাধক। শ্রীমন্মহাপ্রভুর এই শিক্ষা শিক্ষাষ্টকেই পাওয়া যায়। শ্রীমহাপ্রভু হরিদাস ঠাকুরকে এই শিক্ষার আচার্য্যরূপে বরণ করিয়াছিলেন।

প্রামাণিক গ্রন্থ মতে শ্রীল হরিদাস ঠাকুর যবনের গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন এইরূপ জানিতে পারা যায়। বনগ্রামের নিকটস্থ বুড়ন নামে কোন গ্রামে হরিদাস জন্মগ্রহণ করেন। অল্পদিনের মধ্যে তাঁহার প্রাক্তনীয় সংস্কার ক্রমে হরিভজনে রতি হয়। গৃহত্যাগ করত বেনাপুলের বনে কুটীর নির্ম্মাণ করিয়া নিরন্তর নাম সংকীর্তনে ও স্মরণে দিনযাপন করিতেন। কতকগুলি বহির্মুখ লোক তাঁহার বিরুদ্ধ হওয়ায় সেই স্থানটা পরিত্যাগ করিয়া গঙ্গাতীরে আসিয়া বাস করেন। দুষ্ট ব্যক্তিগণ যে বেশ্যাকে তাঁহার অমঙ্গল সাধনের জন্য পাঠাইয়াছিলেন, সেই বেশ্যা সুকৃতিক্রমে হরিদাসের মুখে হরিনাম শ্রবণ করিয়া ভক্ত হইয়া পড়িলেন। বেনাপুলের কুটীর সেই নবীন ভক্তাকে অর্পণ করিয়া হরিদাস সে দেশ পরিত্যাগ করেন। হরিনাম গান করিতে করিতে গঙ্গাপার হইয়া সপ্তগ্রামে শ্রীল যদুনন্দন আচার্য্যের বাড়ীতে অবস্থিতি করেন। আচার্য্যের সহিত তিনি ঐ গ্রামের মোকররীদার মজুমদারোপাধিক শ্রীহিরণ্যগোবর্দ্ধনের সভায় যাতায়াত করিতেন। গোপাল চক্রবর্ত্তী নামক কোন ব্রহ্মবন্ধুর সহিত শ্রীনামমাহাত্ম্য সম্বন্ধে তাঁহার অনেক বিতর্ক হয়। হিরণ্য গোবর্দ্ধন সেই ব্রাহ্মণকে কর্ম্ম হইতে বর্জ্জন করিলে পর বৈষ্ণবাপরাধে তাহার গলৎকুষ্ঠ হয়। ঐ সময়ে গোবর্দ্ধন পুত্র শ্রীল রঘুনাথ দাস নিতান্ত বালকবয়সেও হরিদাসের কৃপা প্রযুক্ত বৈষ্ণব প্রবৃত্তি লাভ করেন। গোপাল চক্রবর্ত্তীর ক্লেশ শ্রবণ করিয়া দুঃখিতান্তঃকরণে হরিদাস তাঁহার সেই বাসস্থান পরিত্যাগ করিয়া শ্রীমদদ্বৈত প্রভুর আশ্রয়ে ফুলিয়া গ্রামে গঙ্গাতীরে একটি গোফা করিয়া নির্জ্জনে হরিভজন করিতে লাগিলেন। ভক্ত যতই প্রতিষ্ঠাকে ঘৃণা করুন এবং জনসঙ্গ পরিত্যাগ করুন ভক্তি প্রভায় তিনি কাহারও নিকট লুকায়িত থাকিতে পারেন না! ভক্তি প্রভা বিস্তৃত হওয়ায় হরিদাসের প্রতি মুসলমানদিগের ঈর্ষা উদয় হইল। তাহারা মুলুকপতি দ্বারা তাঁহাকে ধরিয়া লইয়া বিশেষরূপে নির্যাতন করে। হরিদাস সর্ব্বভূতদয়ার পরিপূর্ণ। তাহাদিগের দোষ গ্রহণ না করিয়া আশীর্ব্বাদ করতঃ সে স্থান হইতে নিষ্কৃতি পাইয়া পুনরায় স্বীয় গোফায় আসিলেন। কিছুদিন পরে শ্রীধামে মহাপ্রভু উদয় হইলেন। শ্রীঅদ্বৈতের সঙ্গে মিলিত হইয়া হরিদাস শ্রীমন্মহাপ্রভুর পদাশ্রয় করিলেন। সেই সময় হইতে তিনি মহাপ্রভুর নাম প্রচারে আচার্য্য স্বরূপ নিযুক্ত হইলেন। পরে যৎকালে মহাপ্রভু শ্রীপুরুষোত্তমে অবস্থিতি করেন সে সময়ে হরিদাসকে সিদ্ধবকুলে রাখেন। হরিদাসের নির্য্যাণে প্রভু স্বয়ং তাঁহাকে সমুদ্রতীরে সমাধিস্থ করিয়া সমারোহের সহিত সংকীর্তন ও বিরহমহোৎসব সম্পাদন করেন।

শ্রীমন্মহাপ্রভুর লীলা এই যে, যে ভক্ত যে ভক্তি বিষয়ে উচ্চাসন লাভ করিয়াছেন তাঁহার দ্বারাই সেই বিষয়ে নিজ শিক্ষা জগতে প্রচার করিয়াছিলেন। হরিদাসকে কয়েকটা প্রশ্ন করিয়া তাঁহার মুখে নামতত্ত্ব সমূহ প্রকাশ করান। এই সকল বিষয় শ্রীচৈতন্যচরিতামৃত, শ্রীচৈতন্যভাগবত এবং এতদ্রূপ অন্যান্য ভক্তিগ্রন্থে অনেকস্থলে বর্ণিত আছে। আমরা কোন সময়ে কোন বৈষ্ণব কর্তৃক উৎসাহিত হইয়া শ্রীহরিদাস প্রচারিত নামতত্ত্ব ঐ সকল গ্রন্থ হইতে সংগ্রহ করিয়াছিলাম। তদ্ব্যতীত কোন কোন দূরদেশস্থ ভক্তগণের নিকট হইতে আমরা হরিদাস সম্বন্ধে কতকগুলি গ্রন্থ পাইয়াছিলাম। তন্মধ্যে কতকগুলিতে সহজিয়া বাউল এবং অসংলগ্ন বাক্য দেখিয়া সে গুলিকে যত্ন সহকারে পরিত্যাগ করিলাম। দুই একখানি গ্রন্থ শুদ্ধ বৈষ্ণব মত সম্মত বোধ হইল। একখানি গ্রন্থে ষোলনাম বত্রিশ অক্ষরের সম্পূর্ণ রসিকার্থ পাওয়া গেল। তাহাতে বড়ই আনন্দ হইল। বোধ হয় শ্রীহরিদাস কোন শুদ্ধ ভক্তকে নাম শিক্ষা দিয়াছিলেন, তিনি স্বীয় গুরুদেবের নামে ঐ গ্রন্থ খানি রচনা করিয়া রাখেন। উক্ত গ্রন্থ দেখিয়া আমাদের শ্রীহট্ট দেশীয় তৎপ্রেরক ভক্তবর্গকে অনেক ধন্যবাদ দিয়াছিলাম। এই সমস্ত গ্রন্থে আমরা হরিদাসের নাম সম্বন্ধে যত উপদেশ পাইয়াছি সে সমস্ত এই হরিনাম চিন্তামণি গ্রন্থে সংগ্রহ করিলাম। নিষ্কিঞ্চন ভক্তদিগের সুখ বৃদ্ধির জন্য এই গ্রন্থ আমরা প্রকাশ করিলাম। নিষ্কিঞ্চন নামৈকপরায়ণ ব্যতীত কেহ এই গ্রন্থ পাঠ করিবেন বলিয়া আমরা মনে করি নাই এবং তাহাদের নিকট হইতে এ সম্বন্ধে কোন বিতর্কও আমরা শুনিতে ইচ্ছা করি না।

সাধন ভজনের পদ্ধতি অনেক প্রকার। কিন্তু কেবল নামাশ্রিত ভজনের পদ্ধতি এই একই প্রকার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সময় হইতে মহাজনগণ শ্রীহরিদাসোক্ত ভজন প্রণালী অবলম্বন করিয়া আসিয়াছেন। প্রাচীন কাল হইতে ব্রজবনবাসী বৈষ্ণব সকলও এই প্রণালীতে ভজন করিয়াছেন, শ্রীপুরুষোত্তম ক্ষেত্রে কিছুদিন পূর্ব্বে যে সকল ভজনানন্দী বৈষ্ণব ছিলেন আমরা স্বচক্ষে তাঁহাদের এই ভজন প্রণালী দেখিয়াছি। নিরপরাধে নিঃসঙ্গে নিরন্তর শ্রীহরিনামের শ্রবণ, কীর্ত্তন ও স্মরণ ইহা যে একমাত্র ঐকান্তিক ভজন পদ্ধতি তাহা শ্রীহরিভক্তিবিলাসের শেষে শ্রীসনাতন ও শ্রীগোপালভট্ট গোস্বামীদ্বয় স্পষ্টরূপে উল্লেখ করিয়াছেন। এই শ্রীহরিনাম চিন্তামণি পয়ার গ্রন্থ, ইহা স্ত্রী বালক কিম্বা সংস্কৃতানভিজ্ঞ সকলেই পাঠ করিয়া মহাপ্রভুর শিক্ষা প্রাপ্ত হইতে পারেন। তাঁহাদিগের ক্লেশ হইবে এই জন্য এই গ্রন্থের মধ্যে সংস্কৃত বচনাদি উদ্ধার করিলাম না। প্রমাণমালা বলিয়া আর একখানি সংগ্রহ গ্রন্থ আছে তাহাতে এই হরিনাম চিন্তামণির প্রত্যেক বাক্যের শাস্ত্রীয় প্রমাণ পাওয়া যায়। শ্রীকৃষ্ণের ইচ্ছা হইলে সেই গ্রন্থও শীঘ্র ভক্তজনের জন্য প্রকাশিত হইবে।

অকিঞ্চন দাস
শ্রীভক্তিবিনোদ।

Prabodhinī Kathā
(Words of Awakening)

This book is not intended for the general reader. Only those who have developed firm faith in Śrī Caitanya and have faith in nāmāśraya-bhakti (devotion centered upon taking shelter of the holy name) are qualified to study it. Among all the various forms of sādhana-bhakti, those who firmly believe that all perfection is attained solely by taking shelter of the holy name are the foremost sādhakas. This teaching of Śrīman Mahāprabhu is found in His Śikṣāṣṭaka. Śrī Mahāprabhu accepted Haridāsa Ṭhākura as the ācārya of this teaching.

According to authoritative scriptures, Śrīla Haridāsa Ṭhākura took birth in the home of a yavana. He was born in a village called Buḍhana, near Banagrāma. Owing to impressions from previous lives, he soon developed deep attachment for hari-bhajana. Renouncing home, he built a small hut in the forest of Benāpola and passed his days constantly engaged in nāma-saṅkīrtana and remembrance of the holy name. When certain worldly-minded people became hostile toward him, he left that place and came to reside on the bank of the Gaṅgā.

Wicked men sent a prostitute to bring about his downfall, but by the power of her accumulated spiritual merit she heard the holy name from the lips of Haridāsa and became a devotee. Entrusting his hut at Benāpola to this newly awakened devotee, Haridāsa left that place. Singing the holy name as he went, he crossed the Gaṅgā and stayed at the home of Śrīla Yadunandana Ācārya in Saptagrāma. Together with the Ācārya, he would visit the assembly of Śrī Hiraṇya and Govardhana Majumdāra, the local revenue officers. There he had considerable discussion concerning the glories of the holy name with a brahma-bandhu named Gopāla Cakravartī. After Hiraṇya and Govardhana dismissed that brāhmaṇa from his post, he was afflicted with leprosy as the result of committing an offense to a Vaiṣṇava. At that time Govardhana's son, Śrīla Raghunātha dāsa, although only a young boy, received Vaiṣṇava impressions by the mercy of Haridāsa.

Hearing of Gopāla Cakravartī's suffering, Haridāsa became deeply saddened and left that residence. Taking shelter of Śrī Advaita Prabhu, he excavated a cave on the bank of the Gaṅgā at Phuliyā and there performed hari-bhajana in solitude. However much a devotee may despise worldly prestige and avoid the association of people, the radiance of devotion cannot remain hidden from anyone. As the glory of his devotion spread, the local Muslims became envious of him. Through the provincial governor they had him arrested and subjected to severe persecution. Haridāsa was filled with compassion for all living beings. Without finding fault with his persecutors, he bestowed his blessings upon them. After being delivered from that ordeal, he returned once again to his cave.

Some time later, Mahāprabhu made His appearance in the holy dhāma. Meeting Him in the company of Śrī Advaita, Haridāsa took shelter of the lotus feet of Śrīman Mahāprabhu. From that time onward, Mahāprabhu appointed him as the ācārya for propagating the holy name. Later, when Mahāprabhu resided at Śrī Puruṣottama, He established Haridāsa at Siddha-bakula. At the time of Haridāsa's departure from this world, the Lord Himself placed him in samādhi on the shore of the ocean and celebrated a great festival of saṅkīrtana and separation.

It was Śrīman Mahāprabhu's way that whenever a devotee attained the highest position in a particular aspect of bhakti, He propagated His own teachings on that subject through that devotee. By asking Haridāsa several questions, He brought forth from his lips the complete science of the holy name. These subjects are described in many places throughout Śrī Caitanya-caritāmṛta, Śrī Caitanya-bhāgavata, and other Vaiṣṇava scriptures.

At one time, encouraged by a certain Vaiṣṇava, we collected from those scriptures the teachings on nāma-tattva that were spoken by Śrī Haridāsa. Besides these, we received several books concerning Haridāsa from devotees living in distant places. Some contained sahajiyā and bāula doctrines together with many incoherent statements, so we carefully rejected them. One or two, however, appeared to be in harmony with the conclusions of the pure Vaiṣṇavas. In one of them we found the complete rasika meaning of the sixteen names and thirty-two syllables, and this gave us great joy. We thought that Śrī Haridāsa must have instructed some pure devotee in the science of the holy name, and that devotee later composed this work in the name of his own Gurudeva. After receiving that manuscript, we offered heartfelt thanks to the devotees from the region of Śrīhaṭṭa who had sent it.

Whatever instructions concerning the holy name we found in all these works have been collected together in this Harināma-cintāmaṇi. We have published this book to increase the happiness of those devotees who are niṣkiñcana. We do not imagine that anyone other than niṣkiñcana devotees who are exclusively devoted to the holy name will read this book, nor do we wish to hear any arguments regarding it from others.

There are many methods of sādhana and bhajana. However, the method of bhajana that takes shelter of the holy name is one alone. From the time of Śrī Kṛṣṇa Caitanya Mahāprabhu, the mahājanas have followed the method of bhajana taught by Śrī Haridāsa. From early times the Vaiṣṇavas residing in the forests of Vraja also practiced bhajana according to this method, and we ourselves have seen that the bhajanānandī Vaiṣṇavas who until recently lived at Śrī Puruṣottama-kṣetra followed this very same practice.

Hearing, chanting, and remembering Śrī Hari's holy name without offenses, in solitude, is the one exclusive method of bhajana. Śrī Sanātana Gosvāmī and Śrī Gopāla Bhaṭṭa Gosvāmī have clearly stated this at the conclusion of the Hari-bhakti-vilāsa.

This Harināma-cintāmaṇi is composed in the payāra metre. Even women, children, and those unfamiliar with Sanskrit can read it and receive Mahāprabhu's teachings. Therefore, so that they would not encounter difficulty, we have not included Sanskrit quotations in this work.

There is another compilation entitled Pramāṇa-mālā, in which scriptural evidence is given for every statement found in Harināma-cintāmaṇi. If it is Śrī Kṛṣṇa's desire, that work too will soon be published for the benefit of the devotees.

Akiñcana dāsa,
Śrī Bhaktivinoda